গবেষকরা অমরার দীর্ঘস্থায়ী প্রদাহের কারণ বুঝতে মা ও শিশুর রোগপ্রতিরোধ কোষের ওপর একটি নতুন গবেষণা পরিচালনা করেছেন। এই গবেষণায় জানা গেছে কীভাবে ইমিউন প্রতিক্রিয়া বা রোগপ্রতিরোধ ব্যবস্থার জটিলতায় অমরার প্রদাহ সৃষ্টি হতে পারে।
একটি সুস্থ ও স্বাভাবিক গর্ভাবস্থায় মায়ের শরীরের ইমিউন রেসপন্স (রোগপ্রতিরোধ ব্যবস্থার সাড়া) খুব সুন্দরভাবে সমন্বিত হয়ে কাজ করে। এর ফলে মায়ের শরীর গর্ভে বেড়ে ওঠা নতুন অতিথিকে ভিন্ন উপাদান হিসেবে প্রত্যাখ্যান করে না, বরং তাকে পরম মমতায় সুরক্ষা দেয়। তবে কিছু কিছু গর্ভাবস্থায় এই রোগপ্রতিরোধ ব্যবস্থা বিশৃঙ্খল হয়ে পড়তে পারে, যার ফলে দেখা দিতে পারে এক জটিল সমস্যা, যাকে বলা হয় ক্রনিক প্লাসেন্টাল ইনফ্লামেশন (অমরার দীর্ঘস্থায়ী প্রদাহ)।
এই প্রদাহ ঠিক কীভাবে এবং কেন সৃষ্টি হয়, তা গভীরভাবে বোঝার জন্য বিজ্ঞানীরা একটি নতুন গবেষণা পরিচালনা করেছেন। গবেষক দলের নেতৃত্বে ছিলেন ওয়াশইউ মেডিসিনের (WashU Medicine) স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা এবং প্যাথলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক নার্দি গোমেজ-লোপেজ, পিএইচডি (Nardhy Gomez-Lopez, Ph.D.)। তারা দেখতে চেয়েছিলেন কীভাবে মা ও গর্ভের শিশুর রোগপ্রতিরোধ কোষগুলো এই প্রদাহের সাথে জড়িয়ে পড়ে।
গবেষক দল মা ও শিশুর সংযোগস্থলে অবস্থিত অমরা বা গর্ভফুলের একদম একক কোষ পর্যায় পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা চালিয়েছেন। তারা স্প্যাশিয়াল এবং সিঙ্গেল-সেল জিন ও প্রোটিন এক্সপ্রেসন প্রোফাইলিং (কোষের জিন ও প্রোটিনের প্রকাশ পরিমাপের প্রযুক্তি) ব্যবহার করে এই অমরা বা প্লাসেন্টার ইমিউন কোষগুলোর একটি স্পষ্ট মানচিত্র তৈরি করেছেন। যেসব মায়েদের গর্ভাবস্থায় দীর্ঘস্থায়ী অমরার প্রদাহ দেখা দিয়েছিল, তাদের অমরা পরীক্ষা করেই তারা এই তথ্য সংগ্রহ করেছেন।
বিজ্ঞানের এই নতুন গবেষণাটি গর্ভফুলের প্রদাহ ও গর্ভাবস্থার জটিলতা সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট করতে সাহায্য করছে। তবে এটি প্রাথমিক গবেষণার ফল। গর্ভাবস্থায় আপনার বা আপনার শিশুর যেকোনো শারীরিক সমস্যা বা শারীরিক জটিলতার অনুভূতির জন্য সবসময় আপনার চিকিৎসকের সাথে কথা বলুন এবং তার পরামর্শ নিন।
(
সূত্র: Medical Xpress — Obstetrics Gynaecology