সিজারিয়ান অপারেশন কী, কখন এটি দরকার হয় এবং অস্ত্রোপচারের পর সুস্থ থাকার ঘরোয়া ও চিকিৎসাগত যত্ন সম্পর্কে জানুন।
সিজারিয়ান অপারেশন কেন ও কখন করা হয়
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, সিজারিয়ান বা সি-সেকশন হলো এমন একটি অপারেশন যার মাধ্যমে পেট ও জরায়ুতে কাটা দাগের মধ্য দিয়ে শিশু বের করে আনা হয়। এটি একটি বড় অস্ত্রোপচার এবং এতে কিছু ঝুঁকি থাকে। তাই মা ও শিশুর জন্য এটি সবচেয়ে নিরাপদ বিকল্প হলেই কেবল এই অস্ত্রোপচার করা হয়।
- বাচ্চা মায়ের পেটে উল্টো অবস্থানে থাকলে।
- জরায়ুর ফুল বা প্লাসেন্টা নিচে থাকলে।
- উচ্চ রক্তচাপ বা নির্দিষ্ট কিছু সংক্রমণ থাকলে।
- বাচ্চা পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি না পেলে।
অস্ত্রোপচারের সময় কী হয়
বেশিরভাগ সিজারিয়ান অপারেশনের সময় স্পাইনাল বা এপিডুরাল অ্যানেসথেটিক দেওয়া হয়। এর মানে হলো আপনি জেগে থাকবেন, কিন্তু শরীরের নিচের অংশ অবশ থাকবে এবং কোনো ব্যথা অনুভব করবেন না।
- আপনার শরীরের সামনে একটি পর্দা টাঙানো থাকে যাতে আপনি অপারেশন দেখতে না পান।
- নিচের পেটে ১০ থেকে ২০ সেন্টিমিটার কাটা হয়।
- অপারেশনের সময় কিছুটা টানাটানি অনুভূত হতে পারে।
- পুরো অপারেশন শেষ হতে সাধারণত ৪০ থেকে ৫০ মিনিট সময় লাগে।
অস্ত্রোপচারের পরের যত্ন ও পুনরুদ্ধার
সিজারের পর সুস্থ হতে স্বাভাবিক প্রসবের চেয়ে বেশি সময় লাগে। কোনো জটিলতা না থাকলে সাধারণত ১ থেকে ২ দিনের মধ্যে বাড়ি ফেরা যায়।
- পেটে ব্যথার জন্য চিকিৎসকের পরামর্শে নিরাপদ ব্যথানাশক ব্যবহার করুন।
- বাড়ি ফিরে প্রথম কিছুদিন বিশ্রাম নিন এবং ভারী কাজ এড়িয়ে চলুন।
- ৬ সপ্তাহের চেকআপের আগে গাড়ি চালানো থেকে বিরত থাকুন।
- গর্ভকালীন বা নিয়মিত ওষুধ ও ব্যথানাশকের বিষয়ে ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন।