বারবার গর্ভপাত ও রক্ত জমাট বাঁধার সমস্যা বা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম সম্পর্কে জানুন। এর লক্ষণ ও করনীয় জেনে নিন।
অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম কী
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম একটি বিরল রোগ, যা স্টিকি ব্লাড সিনড্রোম নামেও পরিচিত। এটি একটি অটোইমিউন রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা রক্তের প্রোটিনগুলোকে আক্রমণ করে এবং রক্ত সহজে জমাট বাঁধতে শুরু করে।
- এটি পুরুষদের চেয়ে নারীদের বেশি হয়।
- লুপাসের মতো অন্য কোনো অটোইমিউন রোগ থাকলে ঝুঁকি বাড়ে।
সাধারণ লক্ষণসমূহ
এই রোগের প্রধান লক্ষণ হলো শরীরের যেকোনো অংশে রক্ত জমাট বাঁধা। তবে এর আরও কিছু উপসর্গ রয়েছে।
- হাতের বা পায়ের কোনো অংশে ব্যথা এবং ফোলাভাব।
- পায়ে লালচে-নীল জালের মতো ফুসকুড়ি দেখা দেওয়া।
- সহজে গায়ে নীল দাগ পড়া বা মাড়ি দিয়ে রক্ত পড়া।
- বারবার গর্ভপাত হওয়া।
জীবনযাত্রায় যা করবেন এবং যা করবেন না
রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমাতে দৈনন্দিন জীবনে কিছু নিয়ম মেনে চলা জরুরি। কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন।
- নিয়মিত ব্যায়াম করুন এবং সুষম খাবার খান।
- শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন।
- পানিশূন্যতা এড়াতে প্রচুর পানি পান করুন।
- ধূমপান করবেন না এবং অতিরিক্ত অ্যালকোহল পান এড়িয়ে চলুন।