পাইলস বা অর্শ হলে পায়ুপথে ব্যথা, চুলকানি বা রক্তপাত হতে পারে। সহজ কিছু খাবার ও অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে ঘরে বসেই এর অস্বস্তি কমানো সম্ভব।
অর্শ বা পাইলস কী এবং এর লক্ষণ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, অর্শ বা পাইলস হলো পায়ুপথের ভেতরের বা চারপাশের ফোলা রক্তনালী। এটি অনেক সময় কয়েক দিনের মধ্যে নিজে থেকেই ভালো হয়ে যায়।
- মলত্যাগের পর উজ্জ্বল লাল রক্ত দেখা যাওয়া
- পায়ুপথে চুলকানি বা ব্যথা হওয়া
- মলত্যাগের পরও পেট পুরোপুরি পরিষ্কার হয়নি এমন অনুভূত হওয়া
- পায়ুপথের চারপাশে মটরশুঁটি বা আঙুরের মতো ছোট-বড় গুটি দেখা যাওয়া
ঘরে বসে অস্বস্তি কমানোর সহজ উপায়
সহজ কিছু যত্ন ও অভ্যাসের মাধ্যমে পাইলসের অস্বস্তি কমানো সম্ভব। গর্ভবতী, স্তন্যদানকারী মা বা অন্য কোনো রোগে আক্রান্তরা যেকোনো ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন।
- মল নরম রাখতে প্রচুর পানি পান করুন এবং শাকসবজি ও আঁশযুক্ত খাবার খান
- হালকা গরম পানিতে বসে গোসল করলে চুলকানি ও ব্যথা কমে
- অস্বস্তি কমাতে তোয়ালেতে বরফ পেঁচিয়ে ঠান্ডা শেঁক দিন
- পায়ুপথ আলতো করে চিপে মুছে পরিষ্কার ও শুষ্ক রাখুন
- চা, কফি বা অ্যালকোহলজাতীয় পানীয় কম পান করুন
যেসব কাজ করা থেকে বিরত থাকবেন
কিছু ভুলের কারণে পাইলসের কষ্ট আরও বাড়তে পারে। তাই এগুলো এড়িয়ে চলুন।
- মলত্যাগের বেগ চেপে রাখবেন না
- মলত্যাগের সময় বেশি চাপ দেবেন না
- পায়খানায় প্রয়োজনের চেয়ে বেশি সময় বসে থাকবেন না
- অর্শ থেকে রক্ত পড়লে ইবুপ্রোফেন খাবেন না
- কোষ্ঠকাঠিন্য বাড়ায় এমন কোডিনযুক্ত ব্যথানাশক খাবেন না
ফার্মাসিস্ট বা চিকিৎসকের পরামর্শ
ব্যথা, চুলকানি ও ফোলা কমাতে কোনো ক্রিম বা মল নরম করার ওষুধ ব্যবহার করতে চাইলে, কোনটা উপযুক্ত তা ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন। ঘরোয়া উপায়ে উন্নতি না হলে দ্রুত কাছের স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
- লক্ষণ না কমলে বা বারবার অর্শের সমস্যা দেখা দিলে চিকিৎসক দেখান
- চিকিৎসক প্রয়োজনে হাসপাতালে বিশেষ চিকিৎসা বা অস্ত্রোপচারের পরামর্শ দিতে পারেন