নাক দিয়ে রক্ত পড়া সাধারণ একটি বিষয়। এ লেখায় নাক দিয়ে রক্ত পড়লে রক্ত বন্ধ করার সহজ উপায়, ঘরে বসে করণীয় ও কখন চিকিৎসকের কাছে যাবেন তা জানুন।
নাক দিয়ে রক্ত পড়ার কারণ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, নাক দিয়ে রক্ত পড়া সাধারণত মারাত্মক কিছু নয়। এটি খুব সাধারণ একটি বিষয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বেশি দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রেই ঘরে বসে এর সহজ যত্ন নেওয়া সম্ভব।
নাকের ভিতরের চামড়া খুব নরম ও সূক্ষ্ম হওয়ায় সহজে ক্ষতিগ্রস্ত হতে পারে। নাক দিয়ে রক্ত পড়ার পেছনে কয়েকটি সাধারণ কারণ থাকতে পারে:
- নাক খোঁচানো বা খুব জোরে নাক ঝাড়া।
- বাতাসের তাপমাত্রা পরিবর্তনের কারণে নাকের ভেতরটা অতিরিক্ত শুকিয়ে যাওয়া।
- নাকে আঘাত পাওয়া বা নাক ভেঙে যাওয়া।
- গর্ভবতী নারী, ৪৫ বছরের বেশি বয়সী মানুষ বা উচ্চ রক্তচাপ থাকা।
- রক্ত জমাট বাঁধার সমস্যা বা বিশেষ কিছু ওষুধের প্রভাব।
ঘরে বসে রক্ত পড়া বন্ধ করার নিয়ম
নাক দিয়ে রক্ত পড়লে ভয় না পেয়ে সঠিক নিয়মে ঘরে বসেই রক্ত বন্ধ করার চেষ্টা করুন। গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা, শিশু বা অন্য কোনো রোগের জন্য নিয়মিত ওষুধ খাওয়া ব্যক্তিরা যেকোনো ক্রিম বা ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। যেকোনো ব্যবহারের ক্ষেত্রে কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন।
- কোথাও সোজা হয়ে বসুন এবং মাথা সামনের দিকে ঝুঁকিয়ে রাখুন। মুখটি খোলা রাখুন।
- নাকের দুই ছিদ্রের ঠিক উপরের নরম অংশটি আঙুল দিয়ে চেপে ধরে রাখুন ১০ থেকে ১৫ মিনিট।
- নাক দিয়ে শ্বাস না নিয়ে মুখ দিয়ে শ্বাস নিন।
- নাকের ওপর তোয়ালে বা কাপড়ে পেঁচানো বরফ ধরে রাখতে পারেন, এটি রক্ত প্রবাহ কমাতে কিছুটা সাহায্য করতে পারে।
রক্ত পড়া বন্ধ হওয়ার পর করণীয় ও সতর্কতা
নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে গেলেও পুনরায় যেন রক্তপাত না হয়, সে জন্য পরবর্তী ২৪ ঘণ্টা কিছু নিয়ম মেনে চলা জরুরি।
- নাক ঝাড়া বা নাক খোঁচানো যাবে না।
- গরম পানীয় বা অ্যালকোহল পান করা থেকে বিরত থাকুন।
- ভারী কোনো জিনিস তোলা বা কঠিন শারীরিক ব্যায়াম করবেন না।
- নাকের ভেতরে জমট বাঁধা খসখসে অংশ খোঁচাবেন না।
- একবারে সমতল হয়ে সোজা শুয়ে পড়বেন না।