যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, ঘাড়ে ব্যথা সাধারণত কয়েক সপ্তাহের মধ্যে ভালো হয় এবং ঘরে বসে কিছু সহজ যত্ন নেওয়া যায়।
ঘাড়ে ব্যথার কারণ ও লক্ষণ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) জানাচ্ছে, বেশিরভাগ ঘাড়ের ব্যথা কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। এর সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে ঘুমানোর সময় ঘাড় অদ্ভুত অবস্থানে আটকে যাওয়া, দীর্ঘক্ষণ ডেস্কে বসে থাকার কারণে খারাপ ভঙ্গি, স্নায়ুতে চাপ পড়া এবং কোনো দুর্ঘটনা বা পড়ে গিয়ে আঘাত পাওয়া।
- ঘুমানোর সময় ঘাড় বেঁকে থাকা
- ডেস্কে দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিতে বসা
- স্নায়ুতে চাপ লাগা
- কোনো দুর্ঘটনা বা আঘাত লাগার কারণে হুইপল্যাশ
ঘাড়ে ব্যথা কমানোর সহজ উপায়
ঘরে বসেই আপনি কিছু নিয়ম মেনে ঘাড়ের ব্যথা উপশম করতে পারেন। তবে যেকোনো ওষুধ বা ক্রিম ব্যবহারের আগে কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন। গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা, শিশু এবং নিয়মিত ওষুধ সেবনকারীদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
- কম ও শক্ত বালিশ ব্যবহার করুন।
- ঘাড়ে গরম বা ঠান্ডা প্যাক ব্যবহার করতে পারেন। যেমন- তোয়ালেতে মোড়ানো হিমায়িত মটরশুঁটির প্যাক ৫ মিনিট করে দিনে ৩ বার অথবা গরম পানির বোতল ২০ মিনিট করে দিনে ২ থেকে ৩ বার ব্যবহার করা।
- ঘাড় নমনীয় করার ব্যায়াম করুন।
- কোনো ওষুধ বা জেলের জন্য ফার্মাসিস্ট বা চিকিৎসকের পরামর্শ নিন।
যা করা যাবে না
ঘাড়ে ব্যথা হলে কিছু কাজ থেকে বিরত থাকা জরুরি।
- ডাক্তার নিষেধ না করলে ঘাড়ের কলার পরবেন না, ঘাড় সচল রাখা ভালো।
- ঘাড়ের নড়াচড়া সীমিত থাকলে ড্রাইভিং বা সাইকেল চালানোর মতো বিপজ্জনক কাজ করবেন না।
- উপুড় হয়ে ঘুমাবেন না।
- বিছানায় শুয়ে ঘাড় মোচড়াবেন না।