সর্দি বা সাইনাসের পর নাক বন্ধ, গলায় কিছু আটকে থাকার মতো লাগা বা বারবার গলা খাঁকারি দেওয়া শ্লেষ্মা জমার লক্ষণ। ঘরে আরাম পাওয়ার উপায় আর কখন চিকিৎসক দেখাবেন জানুন।
শ্লেষ্মা জমা কী, কেন হয়
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, নাক ও সাইনাসে শ্লেষ্মা আর গলায় কফ জমে থাকাকে এই সমস্যা বলে। সংক্রমণের মতো কিছুর বিরুদ্ধে এটা শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। তখন নাক, সাইনাস ও গলার ভেতরের আবরণ ফুলে যায় এবং স্বাভাবিকের চেয়ে বেশি শ্লেষ্মা তৈরি হয়।
এটা বিরক্তিকর হলেও শ্লেষ্মা ও কফ ক্ষতিকর নয়। সাধারণত নিজে থেকেই চলে যায়।
- সর্দি, ফ্লু বা সাইনাসের সংক্রমণ
- বায়ুদূষণ ও সিগারেটের ধোঁয়া
- ফুলের রেণু, ধুলো বা পশুর প্রতি অ্যালার্জি
- নাকের ভেতরে মাংস বাড়ার মতো নাকের অসুখ
লক্ষণ কেমন
লক্ষণ সাধারণত কয়েক দিন থাকে। তবে কখনো কখনো বেশিদিনও থাকতে পারে।
- সবসময় নাক বন্ধ থাকা বা নাক দিয়ে পানি পড়া
- গলায় দলা বা কিছু আটকে আছে মনে হওয়া
- গলা পরিষ্কার করতে বারবার ঢোক গেলা বা কাশি দেওয়া
- গলার পেছন দিয়ে ধীরে ধীরে শ্লেষ্মা নামছে মনে হওয়া
- কানের ভেতর চড়চড় শব্দ বা অনুভূতি
ঘরে যা করতে পারেন
লবণ-পানি দিয়ে নাক ধোয়ার নিয়ম: প্রায় আধা লিটার পানি ফুটিয়ে ঠান্ডা করুন। তাতে ১ চা-চামচ লবণ আর ১ চা-চামচ খাবার সোডা মেশান। হাত ধুয়ে বেসিনের ওপর ঝুঁকে এক হাতের তালুতে অল্প পানি নিন। একবারে এক নাক দিয়ে পানি টেনে নিন, মুখ দিয়ে শ্বাস নিন, পানি বেসিনে পড়ে যেতে দিন। পানি যেন গলার পেছনে না যায়। দিনে ৩ বার পর্যন্ত করতে পারেন।
বাকি দ্রবণ পরিষ্কার ঢাকা পাত্রে সেদিন রাখা যায়। প্রতিদিন সকালে নতুন করে বানান।
- প্রচুর পানি খান
- গলা পরিষ্কার করতে কাশি বা ঢোক গেলার বদলে বরফঠান্ডা পানিতে চুমুক দিন
- গরম পানির ভাপ নিন, বা গরম পানি চালিয়ে গোসলখানায় কিছুক্ষণ বসুন
- লবণ-পানি দিয়ে গড়গড়া করুন
- নাক বন্ধ কমানোর ওষুধ বা তৈরি লবণ-পানির স্প্রে নিয়ে কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন
- গর্ভবতী বা স্তন্যদানকারী মা, শিশু আর নিয়মিত ওষুধ খান এমন মানুষ যেকোনো ওষুধের আগে চিকিৎসকের সঙ্গে কথা বলুন